Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশায় বিজয় দিবস

ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশায় বিজয় দিবস
গ্রাফিকস: দেশ দেশান্তর ২৪.কম

বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শক্তি হিসেবে কাজ করেছে আমাদের তরুণরা। তাই দেশের প্রতি তরুণদের উদ্যোগী হওয়া খুবই জরুরি। তরুণ সমাজকে হতে হবে সচেতন, উদ্যমী ও সাহসী। বিজয় দিবস নিয়ে কী ভাবছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আর সে-সব কথা তুলে ধরেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সদস্য বায়েজিদ হুসাইন

তরুণ প্রজন্মের বীরত্ব গাথা ভুমিকা
বাংলাদেশে ২০২৪-এর এ গণঅভ্যুত্থান ছাত্র-তরুণদের প্রায় সমগ্র একটি প্রজন্মকে রাতারাতি বড় করে তুলেছে, করে তুলেছে দায়িত্বশীল। রংপুরের শহিদ আবু সাঈদের বীরোচিত আত্মদান হাজারো, লাখো তরুণকে জুলুম আর জালেমশাহি রাজত্বের বিরুদ্ধে দেশাত্মবোধের চেতনায় জাগিয়ে তুলেছে।
আমাদের অনেকের কাছে এটি ছিল মুক্তিযুদ্ধে শামিল হওয়ার মতো গৌরবের বিষয়। হাজার হাজার তরুণ শিক্ষার্থী, নারী-পুরুষ আবু সাঈদের মতো আত্মদানে গুলির মুখে দাঁড়িয়ে গিয়েছে।এ শক্তিকে কে পরাজিত করে! অভ্যুত্থানের পর আমারা যেভাবে সারা দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি, ডিবি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনা, থানাগুলোকে পরিষ্কার করেছি, থানা থেকে শুরু করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মন্দির ও অঞ্চলগুলোকে পাহারা দিয়ে আসছি, তা দায়িত্ব ও সম্প্রীতির নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।
কোমলমতি বলে যাদের ছোট করা হতো, প্রয়োজনে তারা কীভাবে অভিভাবকের ভূমিকায় আবির্ভূত হলো, তা রীতিমতো বিস্ময়কর। আমাদের সব যে শেষ হয়ে যায়নি, ‘জেন জি:-এর এ প্রজন্ম তা দেশবাসীকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে -২৪-এর গনঅভ্যুত্থানের স্পৃহাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে।
মাহফুজুল হক আতিক,
পুরকৌশল বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে
স্বাধীনতার ৫৩ বছরে আমরা পদার্পণ করলাম। স্বাধীনতা বা বিজয় আমাদের মধ্যে যে স্পৃহা ও উদ্দীপনা সৃষ্টি করে, সেই স্পৃহাকে পাথেয় করে আমাদের সমনে এগিয়ে যাওয়া উচিত।
আমরা তরুণ প্রজন্মই একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে পারি। স্বাধীনতার চেতনাকে সকলের মধ্যে কাজের মাধ্যমে ধারণ করতে হবে, তবেই একটি স্বচ্ছ, সুন্দর,দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারব। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে গৌরবময় ৫৩ তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে আজ।
আমাদের বিজয় দিবস যেন শুধু উদযাপনেই আর দেশপ্রেম যেন লাল-সবুজে আবৃত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেয়াতেই সীমাবদ্ধ না হয়। আমি স্বপ্ন দেখি এমন একটি রাষ্ট্রের যেখানে থাকবে না কোনো জাতি-ধর্ম-বর্ণ বিভেদ বঞ্চনা আর শোষণ। আসুন, আমি আপনি আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই আমাদের বাংলাদেশকে।
খালিদ হাসান সাফি,
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

ভালো কাজের মাধ্যমে এ অর্জনকে ধরে রাখতে চাই
আমাদের দেশের বিজয় দিবস অন্যদের থেকে আলাদা। কারণ ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে। তাই বাংলাদেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবস থাকার ঘটনা বিরল। একটা সময় ছিল যখন বিজয় দিবস মানে ছিল শহীদদের আত্মত্যাগকে স্মরণ।
মুক্ত বাতাসে পতাকা ওড়ানো। লাল-সবুজকে সম্মান জানিয়ে কাগজের পতাকা দিয়ে বাড়ির ছাদ আর রাস্তা সাজানো। কিন্তু বিজয়ের ৫৩ বছরে এসে আরও কিছু নতুনত্ব যোগ হয়েছে।
২৪-এর গনঅভ্যুত্থানে এদেশের প্রতি ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেটা আবারও করেছে- দেশের প্রতি তাদের অকুণ্ঠ ভালোবাসা।
মিনহাজুল,
পুরকৌশল বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বৈষম্যহীন সমাজ চাই
‘লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এই বাংলাদেশ। তবে স্বাধীনতা অর্জন হলেও সর্বস্তরের মানুষের মুক্তি আজও অর্জিত হয়নি।
আমাদের বিজয় সেদিনই সফল হবে, যেদিন বর্তমান প্রজন্মের তরুণদের অবদানে বাংলার ১৭ কোটি মানুষের মুখ থাকবে হাস্যোজ্জ্বল, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অনাহারী, থাকবে না অশিক্ষা।
পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের বাংলাদেশ হবে নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ। আর এ আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমদের এ তরুণ প্রজন্মকে আরো উদ্যমী হতে হবে।
ইমতিয়াজ সিদ্দিক,
পুরকৌশল বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

 

প্রিয় পাঠক, আপনিও দেশদেশান্তর২৪.কম অনলাইনের অংশ হয়ে উঠুন। আত্মকথা, লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-deshdeshantor24news@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
আত্মকথা ও মতামত উভয়ই লেখকের একান্তই নিজস্ব মতামত । লেখকের মতামতের সাথে দেশদেশান্তর২৪.কম এর কোন সম্পৃক্ততা নেই।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪